বিশিষ্ট কবি ও চিন্তক ফরহাদ মাজহার মন্তব্য করেছেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কোনো না কোনোভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত। তিনি বলেন, অনেকে ভারতবিরোধী বক্তব্য দেন, কিন্তু মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তেমন সক্রিয় নন।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চ’ আয়োজিত দেশব্যাপী গ্যাস, বিদ্যুৎ ও পানির সংকট এবং নাগরিক সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।
ফরহাদ মাজহার ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকার বিষয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, “গাজায় যে তথাকথিত ‘স্ট্যাবিলাইজেশন ফোর্স’ পাঠানো হচ্ছে, জামায়াত তাতে কোনো আপত্তি তুলেনি। এটি প্রমাণ করে জামায়াতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিগত সম্পর্ক রয়েছে। আমি এটিকে ভয়ঙ্কর সংকেত হিসেবে দেখি।”
তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র একটি বিশাল ভূরাজনৈতিক শক্তি। আন্তর্জাতিক আইন বাস্তবতায় কার্যকর নয়, যা সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের আচরণেই প্রমাণিত।”
আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক মেজর (অব.) আহমেদ ফেরদৌস এবং কবি ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রোমেল।





